পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে। সোমবার (১৬ মার্চ) ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। এরপর থেকেই সড়ক, বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে ঘরমুখো মানুষের ঢল নামে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এই সম্ভাব্য তারিখ ধরে আগেই ছুটির সময়সূচি নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নির্ধারিত সূচি অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্তভাবে ১৮ মার্চও ছুটি ঘোষণা করে সরকার। এর সঙ্গে ১৭ মার্চের শবে কদরের ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।
এর আগে ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমাতে ১৮ মার্চ ছুটি দেওয়ার দাবি ওঠে। পরে মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তবে জরুরি সেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিযোগাযোগ, ডাকসেবা, হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা এবং সংশ্লিষ্ট কর্মীরা স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবেন।


