গাইবান্ধা শহরের মাস্টারপাড়া এলাকায় মাসব্যাপী ইফতার ও রাতের খাবারের আয়োজন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)। প্রথম রমজানের বিকেল থেকেই শুরু হয় এই মানবিক উদ্যোগ, যার লক্ষ্য ভাসমান ও অসহায় মানুষের মুখে একবেলা পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া।
আয়োজনে বিশেষ দিক হলো ভেদাভেদ নেই—ছিন্নমূল মানুষদের সঙ্গে একই কাতারে বসে ইফতার করেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সমাজের অন্যান্য শ্রেণি-পেশার মানুষ। একসাথে বসে খাবার ভাগাভাগি করার দৃশ্য সম্প্রীতির অনন্য উদাহরণ হিসেবে চোখে পড়ে। বয়স্ক নারী-পুরুষ ও শিশুদের মুখে ফুটে ওঠা তৃপ্তির হাসি এই আয়োজনকে আরও মানবিক করে তোলে।
২০১৯ সালে শুরু হওয়া এই উদ্যোগ এবার ৮ম বছরে পা দিয়েছে। প্রতিদিন অন্তত ৫ শতাধিক মানুষ—বয়স্ক, শিশু ও সুবিধাবঞ্চিত—এখান থেকে মানসম্মত ও পুষ্টিকর ইফতার গ্রহণ করেন।
সংগঠনটির পরিচালক আবু সায়েম মোহাম্মদ জান্নাতুন নূর বলেন, “শহরের ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষ যেন রমজান মাসে অন্তত এক বেলা ভালো খাবার খেতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ ৮ বছর ধরে অব্যাহত রয়েছে।”
এই মানবিক প্রচেষ্টা সমাজের বিত্তবান ও অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে। প্রত্যাশা, এমন উদ্যোগ সারাদেশে ছড়িয়ে পড়ুক, যাতে আরও বেশি অসহায় মানুষের মুখে হাসি ফোটানো যায়।


