ঝিনাইদহে নিষিদ্ধ সংগঠনে ছেলের সক্রিয়তা, ত্যাজ্য ঘোষণা বাবার

ঝিনাইদহে নিজের ছেলের বিরুদ্ধে চরম সিদ্ধান্ত নিয়েছেন মো. আবু জাফর (৪৮)। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকার অভিযোগে তিনি ছেলে নাহিদ হাসান সবুজকে (২৪) ত্যাজ্য ঘোষণা করেছেন। সোমবার (২ মার্চ) ঝিনাইদহ জেলা নোটারি পাবলিক কার্যালয়ে হলফনামার মাধ্যমে এ ঘোষণা দেন আবু জাফর।

নাহিদ হাসান সবুজ ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আবু জাফর হলফনামায় উল্লেখ করেছেন, তার ছেলে দীর্ঘদিন ধরে অবাধ্য ও অবান্তর জীবনযাপন করছেন এবং পরিবারের সঙ্গে বসবাস করছেন না।

তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরও তার ছেলে এ সংগঠনের বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন। বিশেষ করে গত ২১ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে পতাকা উত্তোলনের ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় তিনি বিব্রত বোধ করেন।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, নাহিদ হাসান সবুজের কোনো আয়-রোজগার, দায়-দেনা বা কর্মকাণ্ডের সঙ্গে আবু জাফর বা পরিবারের অন্য কোনো সদস্যের সম্পর্ক থাকবে না। ভবিষ্যতে তার সঙ্গে পরিবারের সব রক্ত সম্পর্ক ও আইনি সম্পর্ক বিচ্ছিন্ন থাকবে।

আবু জাফর বলেন, দেশের আইন ও নীতিমালার পরিপন্থী কোনো কাজ তার সন্তান করুক, তা তিনি চান না। বারবার সতর্ক করার পরও ছেলে শোধরায়নি, তাই বাধ্য হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এই আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন ঝিনাইদহ জেলা জজ কোর্টের অ্যাডভোকেট মো. সাদাতুর রহমান।