লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে সাগর ও সানারুল নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার (৩ মার্চ) রাতে উপজেলার সাতঘরিয়া এলাকার একটি ক্লিনিকে চুরির চেষ্টা করলে জনতার হাতে আটক হন তারা। পরে স্থানীয়দের গণপিটুনির শিকার হন দুজন। নিহতরা হলেন— সাগর (৩২) ও সানারুল (৩৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে সাতঘরিয়া মাঠ এলাকা থেকে বিদ্যুতের তার চুরির অভিযোগে তাদের আটক করা হয়। পরে এলাকাবাসী তাদের মারধর করে। বুধবার সকালে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সকাল ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বর্তমানে মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।