কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন সংলগ্ন সাগরে জেলেদের জালে বিশাল ২০৫ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। মাছটি শেষ পর্যন্ত আড়াই লাখ টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে পৌরসভার বাসিন্দা নাছির ও কায়সার উদ্দিনের ট্রলারে মাছটি ধরা পড়ে। টেকনাফের উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা উমুল ফারা বেগম তাজকিরা গণমাধ্যমকে জানান, মাছটি বিক্রির জন্য টেকনাফ পৌরসভার লামার বাজারের আবু মুসার আড়তে রাখা হয়।
মাছটির দাম তিন লাখ টাকা চাওয়া হলেও, ব্যবসায়ী মোহাম্মদ জাফর ও সাইফুল দুই লাখ ৫৫ হাজার টাকায় এটি কিনে নেন। ট্রলারের মালিক কায়সার উদ্দিন বলেন, দুই দিন আগে ১০ জেলে নিয়ে ট্রলারটি বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। অন্যান্য সামুদ্রিক মাছের সঙ্গে এই বিশাল ভোল মাছও জালে ধরা পড়ে। অতিরিক্ত ওজনের কারণে নৌকায় তুলতেও বেশ কষ্ট হয়।
মাছ ব্যবসায়ী সৈয়দ আলম বলেন, “এতো বড় ভোল মাছ জীবনে কখনো দেখা হয়নি। জেলেরা বড় মাছ ধরতে পেরে খুশি।” এর আগে ২০২৫ সালের ২৭ নভেম্বর বাহারছড়া উপকূলে ১৬৬ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছিল।
মৎস্য কর্মকর্তা উমুল ফারা বেগম বলেন, “বিরল প্রজাতির এই মাছ সবসময় জালে ধরা পড়ে না। সেন্ট মার্টিনের প্রবাল পাথরের স্তূপ ও আশপাশের পাথর অঞ্চলে এ মাছ বেশি থাকে। সাধারণত এক একটি ভোল মাছের ওজন ৯ থেকে ১০ মণ পর্যন্ত হয়ে থাকে।”
মাছটি সংরক্ষণ করে হাই স্কুল মাঠের বাজারে কেটে কেজি দরে বিক্রি করা হবে বলে জানানো হয়েছে।


