ঢাকায় মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

শীতের আমেজ কাটতে না কাটতেই রাজধানীতে শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টার পর ঢাকার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এরপর কিছু এলাকায় শিলাবৃষ্টিও দেখা যায়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, বাড্ডা, লিংক রোড, গুলশান ও ভাটারা এলাকায় শিলাবৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।
এর আগে শুক্রবারের আবহাওয়া পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি)।
পূর্বাভাসে বলা হয়, শুক্রবার রাত থেকেই দেশের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’ সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংস্থাটি জানায়, এই বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টিবলয়টির প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে।
বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগে দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ দিয়ে প্রবেশ করা এই বৃষ্টিবলয়টি আগামী ১৮ মার্চ উপকূলীয় এলাকা দিয়ে দেশ ত্যাগ করতে পারে।