নেত্রকোনায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

নেত্রকোনার পূর্বধলা ও আটপাড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় এক শিশুসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকে বিকেলের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাজেদুল হক (৫৮) ও সাফায়েত (১০)। সাজেদুল পূর্বধলা উপজেলার ছোছাউড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে এবং সাফায়েত আটপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের রাকিব মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে পূর্বধলা উপজেলা সদরের ছোছাউড়া আইডিয়াল স্কুল সংলগ্ন সড়কে ইটবোঝাই হ্যান্ডট্রলি ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সাজেদুল হক ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় মোটরসাইকেলে থাকা রাজধলা এলাকার মোফাজ্জল হোসেন (২৮) ও টিকুরিয়া এলাকার আনাস মিয়া (১২) গুরুতর আহত হন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রলি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে ট্রলির চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে একই দিন বিকেল ৪টার দিকে আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের মাটিকাটা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সাফায়েত নামের এক শিশু গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।