ঢাকার আকাশ আংশিক মেঘলা, বৃষ্টির সম্ভাবনা নেই

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে এ সময়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সময়ে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং তখন বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৫ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।