নিলামের মাধ্যমে আরও ২৫ মিলিয়ন (২ কোটি ৫০ লাখ) মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনা হয়েছে এবং কাট-অফ মূল্য ছিল প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা।
চলতি ২০২৫–২৬ অর্থবছরে এর আগেও কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট ৫৪৯ কোটি ৩৫ লাখ ডলার (প্রায় ৫.৪৯ বিলিয়ন) কেনা হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশের বাজারে ডলারের বিনিময় হার স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। রোববার আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের দর ১২২ টাকা ৩০ পয়সায় অপরিবর্তিত ছিল।
অর্থনীতিবিদদের মতে, বাজারে স্থিতিশীলতা বজায় রাখা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতেই কেন্দ্রীয় ব্যাংক ধারাবাহিকভাবে ডলার ক্রয় করছে।


