বিশ্ববাজারে সর্বোচ্চ দামে অপরিশোধিত জ্বালানি তেল

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি একশ’ ডলার ছাড়িয়েছে, যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের লেনদেন বর্তমানে ব্যারেলপ্রতি ১১১ থেকে ১১৫ ডলারের মধ্যে হচ্ছে। অন্যদিকে তেল রপ্তানিকারক দেশগুলোর জোটের গড় মূল্য, অর্থাৎ ওপেক বাস্কেট, প্রতি ব্যারেল প্রায় ৯০ ডলারের বেশি।

বিশ্লেষকরা বলছেন, ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে বাড়তে থাকা সামরিক উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহন হয়। অঞ্চলটিতে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় অনেক তেল ট্যাঙ্কার চলাচল সীমিত করেছে।

এছাড়া কয়েকটি তেল উৎপাদনকারী দেশ উৎপাদন ও রপ্তানি কমাতে পারে—এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ছে। বিশ্লেষকদের মতে, যদি মার্চের শেষ পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকে, তাহলে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড গড়তে পারে।

ওয়াশিংটনভিত্তিক পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিকস–এর অর্থনীতিবিদ আদনান মাজরেই বলেন, উপসাগরীয় কয়েকটি দেশে তেল উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি এবং সংঘাত দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা—এই দুই কারণে তেলের দামের এমন উল্লম্ফন প্রত্যাশিত ছিল। তার মতে, অনেকেই এখন বুঝতে শুরু করেছেন যে এই যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম।

এদিকে তেলের দাম বৃদ্ধির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, স্বল্পমেয়াদে তেলের দামের এই বৃদ্ধি বড় কোনো বিষয় নয়। ইরানের পারমাণবিক হুমকি থেকে মুক্তি পেতে এই সামান্য মূল্য দিতেই হবে বলে মন্তব্য করেন তিনি।