স্ত্রী ইকরার মৃত্যু নিয়ে ভিডিও বার্তায় মুখ খুললেন জাহের আলভী

স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ছোট পর্দার অভিনেতা জাহের আলভী প্রথমবারের মতো ভিডিও বার্তায় নিজের অবস্থান তুলে ধরেছেন। সোমবার (২ মার্চ) প্রকাশিত বার্তায় তিনি বলেন, ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডি নিয়ে তিনি কখনোই জনসম্মুখে বিস্তারিত আলোচনা করতে চাননি।

আলভী বলেন, “আমার স্ত্রী ইকরা যেহেতু এই পৃথিবীতে নেই, তাকে নিয়ে এত ক্লারিফিকেশন দেওয়ার প্রয়োজন মনে করিনি। আমি সবসময় আমার সংসারের বিষয় ঘরেই রাখতে চেয়েছি।”

স্ত্রীর মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন উল্লেখ করে তিনি বলেন, “ওর মৃত্যু আমাকে পাথর বানিয়ে দিয়েছে। আমি গুছিয়ে কথা বলার মতো অবস্থায় নেই। কিন্তু আপনারা গল্পের এক পাশ পড়ে পুরোটা বিচার করছেন।”

বর্তমানে দেশের বাইরে অবস্থান করা এই অভিনেতা দেশে না ফেরার কারণ হিসেবে গণপিটুনি ও প্রাণনাশের আশঙ্কার কথা জানান। তার দাবি, দেশে ফিরলেই তার ওপর ‘মব’ তৈরি হতে পারে। “পুলিশ যদি আইনগতভাবে নিয়ে যায়, সেটি আলাদা বিষয়। কিন্তু এখন যদি আমি মারা যাই, আমার সন্তানের কী হবে?”—প্রশ্ন রাখেন তিনি।

এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, প্রাপ্ত অভিযোগ ও তথ্যের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।