জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’-এর বাংলা সংস্করণে এবার সঞ্চালকের দায়িত্বে থাকছেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। দীর্ঘ সময় ‘দাদাগিরি’ শো-এর মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখার পর, এবার তাকে সম্পূর্ণ ভিন্নধর্মী এই রিয়ালিটি শো-তে দেখা যাবে।
আগামী ৬ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে আনুষ্ঠানিকভাবে শো’র ঘোষণা করার কথা রয়েছে। স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান, যা নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলির উপস্থিতি সম্ভাব্য হলেও, শো কখন এবং কোন সময়ে প্রচারিত হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।
প্রতিযোগীদের তালিকা নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা। উল্লেখ্য, প্রায় এক দশক আগে অন্য চ্যানেলে বাংলার ‘বিগ বস’ প্রচারিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর, সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবং সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় শোটি আবারও ফিরছে।
এ সময় সৌরভের ক্রিকেট জীবন নিয়ে বায়োপিক-এর খবরও আলোচনায় রয়েছে, যেখানে তার চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। নতুন রিয়ালিটি শো ও বায়োপিক মিলিয়ে, ‘প্রিন্স অফ ক্যালকাটা’ আবারও বিনোদন জগতের কেন্দ্রে অবস্থান করছেন।


