বলিউড তারকা নোরা ফাতেহি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গত রোববার সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, ভারতে অবস্থান করলেও মধ্যপ্রাচ্যের বর্তমান ঘটনা তাকে মানসিকভাবে ব্যথিত করছে। তিনি বলেন, সেখানকার সাম্প্রতিক চিত্রগুলো অত্যন্ত উদ্বেগজনক এবং সাধারণ মানুষের জন্য কষ্টদায়ক।
ভিডিওতে নোরা ফাতেহি বলেন, “দীর্ঘদিন ধরে চলতে থাকা সংঘাত ও ট্র্যাজেডির কারণে মানুষ মানসিকভাবে ক্লান্ত। ভবিষ্যতে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে, সেই আশঙ্কা জনমনে ভয়ের সৃষ্টি করছে।”
তিনি আরও বলেন, “আর কোনো নিরীহ মানুষের প্রাণহানি যেন না হয়। এই কঠিন সময়ে একে অপরের পাশে থাকা, প্রার্থনা করা এবং মানসিক শক্তি জোগানোই সবচেয়ে জরুরি।”
নোরা উল্লেখ করেছেন, বর্তমান বিশ্ব হয়তো বড় কোনো পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যা সাধারণ মানুষের জীবনে মানসিক ও অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে।
কাজের ক্ষেত্রেও নোরা ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি ‘দিলবার কি আঁখোঁ কা’ গানে তার পারফরম্যান্স দর্শক মহলে প্রশংসিত হয়েছে। এছাড়া তিনি বর্তমানে কন্নড় ভাষার ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।


