সহঅভিনেত্রীকে মারধরের অভিযোগে মুখ খুলেলেন অভিনেত্রী তানজিন তিশা

ফেসবুক লাইভে মারধরের অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী তানজিন তিশা। সহঅভিনেত্রী সামিয়া অথৈ–এর অভিযোগের জবাবে তিশা দাবি করেছেন, ব্যক্তিগত আক্রমণ নয়—চরিত্রের প্রয়োজনে অভিনয়ের অংশ হিসেবেই এমন দৃশ্য করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) ফেসবুক লাইভে সামিয়া অথৈ অভিযোগ করেন, পরিচালক রাফাত মজুমদার রিংকু–র নতুন নাটকের শুটিং সেটে স্ক্রিপ্টের বাইরে গিয়ে তিশা তাকে সবার সামনে মারধর ও গালিগালাজ করেন।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে তানজিন তিশা বলেন, অভিযোগটি সঠিক নয় এবং এটি ‘ভুল বোঝাবুঝি’ থেকে তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এভাবে অভিযোগ তোলাকে তিনি ‘অপেশাদার আচরণ’ বলে মন্তব্য করেন।

তিশা জানান, নাটকে তিনি একটি বিশেষ চাহিদাসম্পন্ন (স্পেশাল চাইল্ড/অটিস্টিক) চরিত্রে অভিনয় করছেন। চরিত্রের প্রয়োজনে কিছু দৃশ্য করা হয়েছে, যা কাজটি প্রচারিত হলে দর্শক বুঝতে পারবেন। তিনি বলেন, “আমি চরিত্রের বাইরে কিছুই করিনি।”

অন্যদিকে লাইভে সামিয়া অথৈ দাবি করেন, দুই বছর আগে তাকে অভিনেতা মুশফিক ফারহান–এর সঙ্গে কাজ করতে নিষেধ করেছিলেন তিশা। সেই নিষেধ না মানাতেই বর্তমান ঘটনার সূত্রপাত বলে অভিযোগ তার।

ঘটনার সময় সেটে প্রবীণ অভিনেতা ও পরিচালক উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।