ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের প্রভাব বিনোদন জগতেও পড়তে শুরু করেছে। উত্তপ্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতির মাঝে ছেলে ইউভানকে নিয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায় দুবাইয়ে আটকা পড়েছেন। হোটেলের আশেপাশে বোমাবর্ষণের খবর পাওয়া গেলে তার পরিবার চরম উদ্বেগে দিন কাটাচ্ছে।
অভিনেত্রীর স্বামী রাজ চক্রবর্তী জানিয়েছেন, পাম জুমাইরাতে ছেলে ইউভানকে সঙ্গে নিয়ে রয়েছেন শুভশ্রী। ইউভানের পরীক্ষা শেষে তারা ঘুরতে গিয়েছিলেন। কিন্তু শনিবার দুবাই পৌঁছাতেই পরিস্থিতির জটিলতায় হোটেলে অবস্থান বাধ্যতামূলক হয়ে গেছে।
রাজ চক্রবর্তী জানান, আপাতত তারা হোটেলেই অবস্থান করছেন। দুবাই সরকারের বিধিনিষেধ অনুযায়ী সকলকে নিরাপদ রাখার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।
সূত্র জানায়, সোমবার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে। শুভশ্রীর বন্ধুরাও তাদের সঙ্গে রয়েছেন। তবে এখনও জানা যায়নি যে, অভিনেত্রী ভারতে ফিরতে পেরেছেন কি না।


