ভারতীয় বংশোদ্ভূত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ইউটিউবার ন্যান্সি গ্রেওয়াল-কে কানাডা-র অন্টারিও প্রদেশে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (৩ মার্চ) রাতে উইন্ডসর এলাকার একটি স্থানে হামলার শিকার হন ৪৫ বছর বয়সী এই ইউটিউবার। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
স্থানীয় লাসাল পুলিশ সার্ভিস জানায়, রাত সাড়ে ৯টার দিকে ছুরিকাঘাতের খবর পেয়ে পুলিশ ও প্যারামেডিক দল ঘটনাস্থলে পৌঁছায়। গুরুতর আহত অবস্থায় গ্রেওয়ালকে উদ্ধার করে এসেক্স-উইন্ডসর এমার্জেন্সি মেডিক্যাল সার্ভিস-এর মাধ্যমে হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তবে এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে কি না তা নিশ্চিত করা হয়নি। তদন্তকারীরা ঘটনার পেছনের কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পাঞ্জাবি সম্প্রদায়ের মধ্যে ন্যান্সি গ্রেওয়াল তার সরল ও খোলামেলা মতামতের জন্য পরিচিত ছিলেন। তিনি বিভিন্ন সময় অমৃতপাল সিং, বিক্রম সিং মাজিথিয়া এবং গুরিন্দর সিং ডিলন-এর রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছিলেন।
এছাড়া তিনি ভারত ও কানাডার সম্পর্ক এবং প্রো-খালিস্তান গোষ্ঠী নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মতামত প্রকাশ করতেন, যা পাঞ্জাবি সম্প্রদায়ের অনেকেই অনুসরণ করতেন।
পুলিশ জানিয়েছে, যাদের কাছে এই ঘটনার বিষয়ে কোনো তথ্য বা সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে, তাদের তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও হামলাকারীর পরিচয় জানতে তদন্ত অব্যাহত রয়েছে।


