সম্প্রতি একটি পোশাকের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে এসে আলোচনায় আসেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। এদিন হালকা গোলাপি লেহেঙ্গা পরে উপস্থিত হয়ে নজর কাড়েন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে নিজের পোশাকের পছন্দ থেকে শুরু করে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।
পোশাকের পছন্দ প্রসঙ্গে অপু বিশ্বাস জানান, তিনি সাধারণত হালকা রঙের পোশাক বেশি পছন্দ করেন। যদিও তার অভিনীত লাল শাড়ি সিনেমার সময় তাকে প্রায়ই লাল শাড়িতে দেখা যেত, তবে ব্যক্তিগতভাবে হালকা রঙের পোশাকই তার বেশি পছন্দ।
নিজের বিয়ের পোশাকের স্মৃতিচারণ করে তিনি বলেন, বিয়েতে তিনি হালকা রঙের লেহেঙ্গা পরেছিলেন, যদিও ব্লাউজটি ছিল রঙিন।
অভিনেতা শাকিব খান-এর পছন্দে সেই পোশাক কি না— এমন প্রশ্নের জবাবে হাসতে হাসতেই অপু বলেন, “আমি আসলে জানতাম না। পরে যখন দেখেছি, তখন মনে হয়েছে হয়তো তার পছন্দ হয়েছে।”
ব্যক্তিগত ব্যবসা নিয়েও কথা বলেন অপু বিশ্বাস। নিজের পার্লার ব্যবসা নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা ও সমালোচনার জবাবে তিনি বলেন, মালিক হিসেবে তিনি পার্লারে গিয়ে সরাসরি কাউকে ফেসিয়াল বা অন্য কোনো সেবা দেন না। তবে প্রতিষ্ঠানে কী হচ্ছে, কতজন গ্রাহক সেবা নিচ্ছেন— এসব বিষয়ে তিনি সবসময় খোঁজখবর রাখেন।
চলচ্চিত্র ইন্ডাস্ট্রি প্রসঙ্গে কথা বলতে গিয়ে অপু বিশ্বাস বলেন, তিনি যখন ২০০৭-২০০৮ সালের দিকে চলচ্চিত্রে কাজ শুরু করেন, তখন একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র পরিবেশ ছিল। কিন্তু পরবর্তীতে পরিস্থিতি বদলে গেছে।
তার ভাষায়, “২০১৬ সালের পর থেকে ইন্ডাস্ট্রিতে অনেক নোংরামি শুরু হয়েছে। যেন একটা ডাস্টবিন তৈরি হয়েছে।”
তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র শিল্পে মতপার্থক্য থাকলেও সেখানেও সবাই একসঙ্গে কাজ করে। উদাহরণ হিসেবে তিনি বলিউড, হলিউড ও টলিউড-এর কথা উল্লেখ করেন। তবে তার মতে, বর্তমান ঢালিউডে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব ও নোংরামি বেড়ে গেছে।


