আসন্ন ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির দৌড়ে থাকা বহুল প্রতীক্ষিত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ ছাড়পত্র পেয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সিনেমাটিকে সর্বসাধারণের জন্য প্রদর্শনের অনুমতি দিয়েছে।
মেগাস্টার শাকিব খান অভিনীত এই সিনেমাটি সেন্সর বোর্ডের সবুজ সংকেত পাওয়ার পর এখন মুক্তির চূড়ান্ত প্রস্তুতির দিকে এগোচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ এবং প্রযোজনা করেছেন শিরিন সুলতানা। ছবিটির স্থিতিকাল ২ ঘণ্টা ২৯ মিনিট।
সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ীসহ আরও অনেকে। নির্মাতা সামাজিক যোগাযোগমাধ্যমে সার্টিফিকেট প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ‘প্রিন্স’ ছাড়াও ঈদে মুক্তির অপেক্ষায় থাকা আরও চারটি সিনেমা সেন্সর ছাড়পত্র পেয়েছে। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মো. মঈনউদ্দীন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সিনেমাগুলো হলো— দম, রাক্ষস, বনলতা এক্সপ্রেস এবং প্রেশার কুকার।
চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, সেন্সর ছাড়পত্র পাওয়ায় সিনেমাগুলো প্রেক্ষাগৃহে মুক্তির পথে আরও এক ধাপ এগিয়ে গেল। ভিন্ন ভিন্ন গল্প ও ধারার হওয়ায় ইতোমধ্যেই দর্শকদের মধ্যে সিনেমাগুলো নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।


