আকস্মিক পরিদর্শনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা সেবার মান পর্যবেক্ষণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে কোনো ঘোষণা ছাড়াই পরিদর্শনে গিয়ে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
পরিদর্শনে মন্ত্রী হাসপাতালের অব্যবস্থাপনা দূর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরাসরি নির্দেশনা দেন। তিনি সাংবাদিকদের বলেন, হাসপাতালের সক্ষমতার তুলনায় রোগীর চাপ অনেক বেশি, যা সেবার মান বজায় রাখতে চ্যালেঞ্জ তৈরি করছে। হাসপাতালের সুযোগ-সুবিধা এবং ফ্যাসিলিটি এখনও পর্যাপ্ত নয়। ডাক্তার, নার্স ও অন্যান্য স্টাফের ঘাটতিও চোখে পড়ে।
মন্ত্রী আরও জানান, ভেতরে তেলাপোকার উপদ্রব কমলেও রোগীরা এখনও প্রয়োজনীয় সব ওষুধ পাচ্ছেন না। অ্যানেস্থেশিয়া ডাক্তারের স্বল্পতা এবং অপারেশন থিয়েটারগুলোর আধুনিকায়নের বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
স্বাস্থ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে হাসপাতাল পরিচালককে স্পষ্টভাবে বলেন, নিম্নমানের কাজ হলে সংশ্লিষ্টদের বেতন থেকে কর্তন করা হবে। সীমিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য সরকার একটি বড় পরিকল্পনা (বিগ প্ল্যান) বাস্তবায়ন করছে।
দালালচক্র দমনেও তিনি কঠোর হুঁশিয়ারি দেন। মন্ত্রী ঘোষণা করেন, হাসপাতালের কোনো কর্মী রোগীদের কাছ থেকে ট্রলি ভাড়া বা অন্য কোনো অবৈধ অর্থ নেবে না। দালালমুক্ত হাসপাতাল নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে এবং এ নীতির কার্যকর বাস্তবায়ন কঠোরভাবে নিশ্চিত করা হবে।


