আয়াতুল্লাহ খামেনির স্ত্রীও নিহত—রয়টার্সের প্রতিবেদন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি–এর স্ত্রী মনসুরে খোজাস্তেহ বাগেরজাদেহ মারা গেছেন। আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর সোমবার (২ মার্চ) তার মৃত্যু হয় বলে জানিয়েছে রয়টার্স, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে।

প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে খামেনির মেয়ে, জামাই, নাতি ও পুত্রবধূও নিহত হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনিও নিহত হন বলে দাবি করা হয়েছে।

এদিকে, প্রতিশোধের ঘোষণা দিয়ে ইরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। ইরানের বিপ্লবী গার্ড দাবি করেছে, তারা ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়েও হামলা চালিয়েছে।

অঞ্চলজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন।