সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে দূতাবাস প্রাঙ্গণে দুটি ড্রোন আঘাত হানে বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুটি ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। এতে ভবনের একটি অংশে সামান্য আগুন ধরে যায় এবং সীমিত পরিসরে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়। তবে বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো শক্তিশালী বিস্ফোরণের খবর প্রকাশ করে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানানো হয়, রিয়াদের কূটনৈতিক এলাকায় বিকট শব্দ শোনা যায় এবং কিছু সময়ের জন্য ধোঁয়া উড়তে দেখা যায়।
ডিপ্লোমেটিক কোয়ার্টার হিসেবে পরিচিত ওই এলাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও কূটনীতিকদের আবাসস্থল রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, তিনি পরপর দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। এরপর দূতাবাস এলাকার দিক থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।
হামলার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ঘটনার কারণ ও দায়ীদের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সৌদি কর্তৃপক্ষ এবং দূতাবাস সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো।
সূত্র: আলজাজিরা


