ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত এক মাসের বেশি স্থায়ী হতে পারে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সাম্প্রতিক যুদ্ধ এক মাসের বেশি সময় ধরে চলতে পারে। মঙ্গলবার (৩ মার্চ) সংঘাত আরও বিস্তৃত হয়; ইসরায়েল লেবাননে বোমাবর্ষণ চালায় এবং তেহরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়, জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সৌদি প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন আঘাত হানে, ধোঁয়া দেখা গেলেও তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে নিজেদের নাগরিকদের সরে যেতে আহ্বান জানিয়েছিল। তেহরানে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে, যা স্থানীয় সাংবাদিকদের আবাসিক ভবনের জানালা কাঁপিয়ে দিয়েছে।

পেন্টাগন দাবি করেছে, তারা ইরানের আকাশসীমায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

ট্রাম্প বলেন, “শুরুতে আমরা চার–পাঁচ সপ্তাহের হিসাব করেছিলাম, তবে যুদ্ধ এক মাসের বেশি স্থায়ী হতে পারে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দীর্ঘ সময় যুদ্ধ চালানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত।”

তিনি স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র, নৌবাহিনী ও পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে চায় এবং অঞ্চলজুড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করতে চায়। তবে ইসলামি প্রজাতন্ত্র উৎখাত করা এই লক্ষ্যগুলোর মধ্যে নেই, যদিও ট্রাম্প শনিবার ইরানের জনগণকে সরকার উৎখাতের আহ্বান জানিয়েছিলেন।