খামেনির উত্তরসূরি মোজতবা খামেনি: ইরানের নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–এর ছেলে মোজতবা খামেনি। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কোর–এর প্রভাবের প্রেক্ষাপটে এসেম্বলি অব এক্সপার্টস তাকে এ পদে নির্বাচিত করেছে বলে জানা গেছে।

১৯৬৯ সালের ৮ সেপ্টেম্বর মাশহাদে জন্ম নেওয়া মোজতবা খামেনি এক ধর্মীয় পরিবারে বেড়ে ওঠেন। ১৯৮৭ সালে মাধ্যমিক শিক্ষা শেষ করে তিনি বিপ্লবী গার্ড বাহিনীতে যোগ দেন এবং ইরান-ইরাক যুদ্ধের শেষ পর্যায়ে অংশ নেন। পরে কোম শহরের ধর্মীয় শিক্ষাকেন্দ্রে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন এবং শিক্ষকতাও করেন।

দীর্ঘদিন তিনি সর্বোচ্চ নেতার দপ্তরের প্রভাবশালী নিয়ন্ত্রক হিসেবে পরিচিত ছিলেন। বাবার দপ্তরে কাজ করার সুবাদে সামরিক ও রাজনৈতিক অঙ্গনে শক্তিশালী যোগাযোগ গড়ে তোলেন এবং নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভূমিকা রাখেন।

তবে তার উত্থান বিতর্কমুক্ত ছিল না। ২০০৫ ও ২০০৯ সালের নির্বাচনে মাহমুদ আহমাদিনেজাদ–এর বিজয়ে নেপথ্য ভূমিকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া ২০২২ সালে জিনা মাহসা আমিনি–র মৃত্যুর পর দেশব্যাপী বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রেও তার সম্পৃক্ততার অভিযোগ উঠে আসে।

২০২২ সালের আগস্টে কোমের একটি ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে তাকে ‘আয়াতুল্লাহ’ উপাধি দেওয়া হয়, যা অনেকেই তার উত্তরসূরি হওয়ার প্রস্তুতি হিসেবে দেখেছেন।

৫৬ বছর বয়সী মোজতবা খামেনি এমন এক সময়ে দায়িত্ব নিলেন, যখন ইরান গভীর রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। এতদিন পর্দার আড়ালে সক্রিয় থাকলেও এখন তাকে সরাসরি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করতে হবে।