মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানকে শক্তি প্রয়োগ থেকে সরে এসে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
মঙ্গলবার (৩ মার্চ) মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি–র সঙ্গে টেলিফোন আলাপে ল্যাভরভ এ আহ্বান জানান।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফোনালাপে ল্যাভরভ পরিস্থিতি প্রশমনের পক্ষে রাশিয়ার মৌলিক অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং ইরানকে মধ্যপ্রাচ্যে সামরিক পদক্ষেপ পরিহারের আহ্বান জানান। একই সঙ্গে তিনি অঞ্চলটির সব দেশের বেসামরিক জনগণ ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
এর আগে তেহরান পারমাণবিক অস্ত্র প্রস্তুত করেছে—এমন দাবির বিপরীতে কোনো গ্রহণযোগ্য প্রমাণ মস্কোর কাছে নেই বলেও মন্তব্য করেন ল্যাভরভ। ব্রুনাইয়ে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “আমরা এখনো এমন কোনো প্রমাণ দেখিনি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছিল। অথচ এটিকেই এই যুদ্ধের প্রধান অজুহাত হিসেবে তুলে ধরা হয়েছে।”
ব্রুনাই সফরকালে তিনি আরও বলেন, ইরানের ওপর হামলার পরিণতি পুরো অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ছে; আরব দেশগুলো অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে এবং হতাহতের ঘটনাও ঘটছে।


