ইরানের সাবমেরিনসহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

আরব সাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে টানা চার দিনের অভিযানে ইরানের নৌবাহিনীর একটি সাবমেরিনসহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড–এর মুখপাত্র অ্যাডমিরাল ব্র্যাড কুপার

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ব্র্যাড কুপার বলেন, “সহজভাবে বলতে গেলে, যেসব বস্তু থেকে আমাদের লক্ষ্য করে আঘাত আসতে পারে— আমরা সেগুলোতে হামলা চালিয়েছি। আমাদের বি-১ ও বি-২ যুদ্ধবিমান আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে অভিযান চালিয়ে ইরানি নৌবাহিনীর একটি সাবমেরিনসহ মোট ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে।”

তিনি আরও দাবি করেন, “গত কয়েক দশক ধরে এই তিন সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজে হয়রানি চালিয়ে আসছিল ইরান। এখন সেখানে কোনো ইরানি জাহাজ নেই।”

এর আগে ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল অপারেশন রোয়ারিং লায়ন এবং যুক্তরাষ্ট্র অপারেশন এপিক ফিউরি নামে পৃথক সামরিক অভিযান শুরু করে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা ও ২০০–এর বেশি যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবারের বার্তায় অ্যাডমিরাল কুপার আরও জানান, গত চার দিনে ইরানের দুই হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী।

তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।