বিশ্বজুড়ে ইসরাইলি দূতাবাসে আঘাতের হুঁশিয়ারি ইরানের

লেবাননে ইরানের দূতাবাসে কোনো ধরনের হামলা হলে বিশ্বজুড়ে ইসরাইলের সব দূতাবাসে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বুধবার (৪ মার্চ) এ হুমকি দেন দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি

বৈরুতে ইরানের কূটনৈতিক মিশনে সম্ভাব্য ইসরাইলি হামলার হুমকির বিষয়ে শেকারচি বলেন, ইসরাইল নামের ‘অপরাধী রাষ্ট্র’ বারবার আন্তর্জাতিক সীমানা ও কূটনৈতিক রীতিনীতি লঙ্ঘন করেছে। তিনি দাবি করেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ব্যাপক সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক নীতির প্রতি সম্মান দেখিয়ে সংযম প্রদর্শন করেছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে ইরানের শত্রুতা নেই।

ইসরাইলি হুমকির জবাবে শেকারচি সতর্ক করে বলেন, লেবাননে ইরানি দূতাবাসে আঘাত এলে ইরান বিশ্বজুড়ে থাকা সব ইসরাইলি দূতাবাসকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করতে বাধ্য হবে। তার ভাষায়, ‘যদি ইহুদিবাদী গোষ্ঠী এমন আগ্রাসন চালায়, তাহলে আমরা অবশ্যই এর জবাব দেব।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা শুরুর পর মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে ইসরাইলি দূতাবাস কমপ্লেক্সে ইরানের একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়লে অন্তত দুজন আহত হন।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি