নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি বা তৎপরতা চালাতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানি এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।
বুধবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে আলোচনার সময় ইরাকের প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন। চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে এই উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়।
বিবৃতিতে বলা হয়, ফোনালাপে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সম্মান ও শ্রদ্ধা জানান ইরাকের প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন, ইরাকের ভূখণ্ড বা সীমান্তকে ইরানের বিরুদ্ধে কোনো হুমকি তৈরির জন্য ব্যবহার করতে দেওয়া হবে না।
এ সময় ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলারও তীব্র নিন্দা জানান সুদানি। তার মতে, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নীতিমালার পরিপন্থী।
অন্যদিকে, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের নিন্দা জানানো এবং তেহরানের প্রতি সমর্থন প্রকাশ করায় ইরাকের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।


