আজারবাইজানে হামলা চালালো ইরান

ইরানের বিরুদ্ধে এবার দক্ষিণ ককেশাসের দেশ আজারবাইজানে ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে। দেশটির দাবি, ইরানের একটি ড্রোন হামলায় দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন এবং একটি বিমানবন্দরের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানি ড্রোন দেশটির নাখচিবান স্বায়ত্তশাসিত অঞ্চলে দুটি স্থানে আঘাত হানে। এর মধ্যে একটি ড্রোন সরাসরি একটি বিমানবন্দরের টার্মিনাল ভবনে আঘাত করে।

অন্য একটি ড্রোন শাকারাবাদ গ্রামের একটি বিদ্যালয়ের ভবনের কাছে গিয়ে পড়ে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুইজন বেসামরিক নাগরিক আহত হন।

বিবৃতিতে আরও বলা হয়, হামলার ফলে বিমানবন্দরের একটি ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আজারবাইজান সরকার। এ ঘটনায় দেশটি ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে।

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনার বিষয়ে ইরানের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হবে এবং একটি প্রতিবাদপত্রও দেওয়া হবে।

তবে এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।