দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, তাদের নৌ ইউনিট পারস্য উপসাগরে একটি মার্কিন তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা-তে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ বিভাগ দাবি করে, অভিযানে একটি মার্কিন ট্যাঙ্কারকে সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে ট্যাঙ্কারটির ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিভিন্ন স্থানে হামলার অভিযোগ তুলে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানায় তেহরান। ওই ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।
এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া যাচ্ছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।
সূত্র: আলজাজিরা


