আসামের রাডার থেকে নিখোঁজ ভারতের যুদ্ধবিমান

ভারতীয় বিমানবাহিনীর একটি সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান রাডার থেকে হঠাৎ নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় বিমানবাহিনী-এর গুয়াহাটি দপ্তরের প্রতিরক্ষা জনসংযোগ কর্মকর্তা। বিমানটির অবস্থান নির্ধারণে ইতোমধ্যে অনুসন্ধান অভিযান শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি এ তথ্য জানিয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৫ মার্চ) ৪.৫ প্রজন্মের এই যুদ্ধবিমানটি আসাম রাজ্যের কার্বি আংলং জেলা এলাকায় একটি প্রশিক্ষণ উড্ডয়ন পরিচালনার সময় সন্ধ্যা প্রায় ৭টার দিকে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। কিছু প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। স্থানীয় বাসিন্দারা ওই সময় একটি জোরালো বিস্ফোরণের শব্দও শুনেছেন বলে জানা গেছে।

তবে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেয়নি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ভারতীয় বিমানবাহিনী।

এদিকে যুদ্ধবিমানটির পাইলটও নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে বের করতে বর্তমানে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, ভারতীয় বিমানবাহিনীর বহরে বর্তমানে প্রায় ২৫৯টি সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান রয়েছে। রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় ভারতের হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড এই যুদ্ধবিমান তৈরি করে। যৌথভাবে উৎপাদন করা হলেও এই সংস্করণের বিমান রাশিয়া নিজ বাহিনীতে ব্যবহার করে না।