ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলটের মৃত্যু

ভারতের আসাম রাজ্যের কারবি আংলং জেলায় ভারতীয় বিমানবাহিনী-এর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গকর।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় যোরহাট বিমানঘাঁটি থেকে প্রশিক্ষণ উড্ডয়নের কিছুক্ষণ পর সুখোই Su-30MKI যুদ্ধবিমানটি রাডারের বাইরে চলে যায়। প্রতিরক্ষা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টা ৪২ মিনিটের দিকে বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে যোরহাট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ি এলাকা কারবি আংলং জেলায় বিমানটি বিধ্বস্ত হয়।

এক বিবৃতিতে ভারতীয় বিমানবাহিনী জানায়, দুর্ঘটনায় দুই কর্মকর্তা গুরুতর আহত হন এবং পরে তারা মারা যান। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বিমানবাহিনী এবং নিহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কারবি আংলং জেলার নিলিপ ব্লকের কাছে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একটি বিমানকে নিচের দিকে নেমে আসতে দেখেন এবং এরপরই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে।

ঘটনার পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে।