আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের ইউরোপীয় মিত্র দেশগুলোর জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
তবে যেসব দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র নয়, সেসব দেশের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচলে কোনো বাধা থাকবে না বলে জানিয়েছে সংস্থাটি।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারি শুক্রবার (৬ মার্চ) তাসনিম নিউজ এজেন্সি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।
হরমুজ প্রণালী আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করা একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত। প্রতিদিন বিশ্বে যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে, তার প্রায় ২০ শতাংশই এই পথ ব্যবহার করে।
এই কারণে হরমুজ প্রণালীকে অনেক সময় ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ বলা হয়। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো মূলত এই পথ ব্যবহার করেই বিশ্বের বিভিন্ন দেশে তেল রপ্তানি করে থাকে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সঙ্গে সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বিভিন্ন জাহাজের ক্রুদের সতর্কবার্তা দেওয়া শুরু করে আইআরজিসি। এ সময় কয়েকটি জাহাজে হামলার ঘটনাও ঘটে।
ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনস-এর তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত ১০টি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে।


