ইরান দাবি করেছে, তারা বাহরাইন-এ অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের প্রভাবশালী সামরিক ইউনিট ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, বাহরাইনের জুফায়র এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র-এর একটি ঘাঁটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
আইআরজিসির দাবি, ইরানের কেশম দ্বীপ এলাকায় একটি পানিশোধন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবেই এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ওই হামলায় আশপাশের প্রায় ৩০টি গ্রামের পানি সরবরাহ ব্যাহত হয়েছে।
অন্যদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় রাজধানী এলাকার বিভিন্ন স্থানে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। পরিস্থিতি বিবেচনায় বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, উত্তেজনা অব্যাহত থাকলে পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়তে পারে।
তথ্যসূত্র: ভক্স নিউজ।


