সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২

সৌদি আরব-এর একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতদের একজন বাংলাদেশি এবং অন্যজন ভারতি নাগরিক। এ ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন।

হামলাটি ঘটেছে সৌদি আরবের আল-খার্জ গভর্নরেট-এর একটি আবাসিক কমপাউন্ডে। দেশটির সৌদি সিভিল ডিফেন্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে। তবে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এর আগে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছিল, তারা আল-খার্জসহ সৌদি আরবের বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর পরই ওই এলাকায় হতাহতের খবর পাওয়া যায়।

এদিকে গত মঙ্গলবার সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাত-এর একটি মার্কিন কনস্যুলেট ড্রোন হামলার শিকার হওয়ার খবরও পাওয়া যায়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-এর ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক অভিযান শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে আসছে ইরান।

তথ্যসূত্র: আল জাজিরা।