যুক্তরাষ্ট্র-এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাত কখন শেষ হবে, সেই সিদ্ধান্ত তিনি ইসরায়েল-এর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-র সঙ্গে আলোচনার ভিত্তিতেই নেবেন।
রোববার (৮ মার্চ) এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, চলমান যুদ্ধ শেষ করার বিষয়টি একটি যৌথ সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। এ বিষয়ে তিনি ও নেতানিয়াহু নিয়মিত যোগাযোগ রাখছেন এবং পরিস্থিতি বিবেচনা করে উপযুক্ত সময়েই সিদ্ধান্ত নেওয়া হবে।
সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তিনি ও নেতানিয়াহু নেতৃত্বে না থাকলে ইরান এতক্ষণে ইসরায়েলকে ধ্বংস করে ফেলত। তার মতে, দুই দেশের যৌথ পদক্ষেপের ফলে ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।
যুদ্ধের সমাপ্তি কেবল যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে হবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বিষয়টি অনেকটা যৌথ সিদ্ধান্তের মতোই হবে এবং সব ধরনের বাস্তবতা বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে যুক্তরাষ্ট্র যদি আক্রমণ বন্ধ করার সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে ইসরায়েল এককভাবে যুদ্ধ চালিয়ে যাবে কি না—এই প্রশ্নে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্য সংকটে ওয়াশিংটন ও তেল আবিবের ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্কেরই ইঙ্গিত দেয়। একই সঙ্গে এটি ইসরায়েলি নেতৃত্বের প্রতি ট্রাম্পের আস্থাও প্রকাশ করে।


