ইরানের নতুন সর্বোচ্চ নেতা ‘নিরাপদ ও সুস্থ’, দাবি পেজেশকিয়ানপুত্রের

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি-কে ঘিরে চলা জল্পনা-কল্পনায় নতুন মোড় এসেছে। যুদ্ধের প্রথম দিনে মার্কিন-ইসরাইলি হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন—এমন খবর দ্রুত ছড়িয়ে পড়লেও বর্তমানে তিনি নিরাপদ ও সুস্থ আছেন বলে দাবি করেছেন ইরানি প্রেসিডেন্টের পুত্র ইউসুফ পেজেশকিয়ান।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-এর উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান নিজের টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে জানান, “আমি খবর শুনেছিলাম মোজতবা খামেনি আহত হয়েছেন। পরে ঘনিষ্ঠ মহলে যোগাযোগ করে নিশ্চিত হয়েছি—সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তিনি এখন সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন।”

মোজতবা খামেনিকে নিয়ে এই বিভ্রান্তির পেছনে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের একটি প্রতিবেদনকেও দায়ী করা হচ্ছে। সেখানে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তাকে ‘রমজান যুদ্ধের আহত প্রবীণ’ হিসেবে উল্লেখ করা হয়। তবে তার আঘাতের মাত্রা কতটা গুরুতর ছিল—সে বিষয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বিস্তারিত কিছু জানায়নি।

অন্যদিকে, The New York Times মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করেছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিন ইসরাইলি বিমান হামলায় মোজতবা খামেনির পায়ে আঘাত লাগে। একই হামলায় তার পিতা এবং তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পিতার মৃত্যুর পর শোকের আবহ ও যুদ্ধের উত্তেজনার মধ্যেই মোজতবা খামেনির ক্ষমতায় আসা ছিল অত্যন্ত নাটকীয়। এখন তার শারীরিক অবস্থা নিয়ে পেজেশকিয়ান পরিবারের বক্তব্য সত্যিই পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরছে, নাকি জনমনে স্বস্তি ফেরানোর চেষ্টা—তা নিয়ে আলোচনা থামছে না।