রাশিয়ার তেল বিক্রির ওপর আরোপ করা নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। প্রায় ৩০ দিনের জন্য এই নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীন ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল’ (ওএফএসি) অনলাইনে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, আগামী ১১ এপ্রিল পর্যন্ত রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়ে একটি লাইসেন্স ইস্যু করা হয়েছে। নতুন এই লাইসেন্সটি ১২ মার্চ পর্যন্ত জাহাজে বোঝাই করা তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যের ক্ষেত্রে কার্যকর হবে।
এর এক দিন আগেই যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত রিজার্ভ থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দেয়।
উল্লেখ্য, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জবাবে এর আগে রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তবে চলমান আঞ্চলিক উত্তেজনা ও বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে সেই নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

Share
আরও পড়ুন

