পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে ৮৩ কোটি টাকার আত্মসাৎ মামলায় চার্জশিট অনুমোদন

ভারতে অবস্থানরত অর্থপাচার মামলার আসামি পি কে হালদার (প্রশান্ত কুমার হালদার) ও তাঁর সিন্ডিকেটের আরও ১৭ জনের বিরুদ্ধে নতুন একটি মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৮৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এ চার্জশিট আদালতে দাখিল করা হচ্ছে। সোমবার (২ মার্চ) কমিশন এ অনুমোদন দেয়।

দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম গণমাধ্যমকে জানান, ‘মুন এন্টারপ্রাইজ’-এর নামে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে ৮৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয়। দীর্ঘ তদন্ত শেষে পি কে হালদারসহ মোট ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে কমিশন।

উল্লেখ্য, হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে আলোচিত পি কে হালদার দেশ ছেড়ে পালিয়ে ভারতে আত্মগোপন করেন। ২০২২ সালের ১৪ মে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) পশ্চিমবঙ্গের অশোকনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি ভারতে কারাবন্দি রয়েছেন।

এ ঘটনায় অবৈধ অর্থপাচার ও দুর্নীতি প্রতিরোধ আইনে ইডি আরও ছয়জনকে গ্রেপ্তার করেছিল।