রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি বিড়াল হত্যার ঘটনায় আকবর হোসেন শিবলু নামে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১১ মার্চ) ঢাকা-র ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-এর বিচারক আলবিরুনী মীর এ রায় ঘোষণা করেন। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। এজন্য তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ১ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা টাওয়ার ভবনের নবম তলা থেকে মনসুর নামে এক বাসিন্দার পোষা বিড়ালটি হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে এলোপাতাড়ি লাথি মারছেন। এতে গুরুতর আঘাতে প্রাণীটি মারা যায়।
এই ঘটনায় গত বছরের ৫ ফেব্রুয়ারি পিপলস ফর অ্যানিমাল ওয়েলফেয়ার-এর পক্ষে নাফিসা নওরীন চৌধুরী আদালতে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিলে মোহাম্মদপুর থানা পুলিশ তদন্ত শেষে অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদন জমা দেয়।
পরে গত ১৪ জুলাই আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলায় চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আদালত রায় ঘোষণা করেন।


