ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–এর মৃত্যুর ঘটনায় আনুষ্ঠানিক শোক প্রকাশ করেছে বাংলাদেশ। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
আরেক বিবৃতিতে জানানো হয়, চলমান ইরান–ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত ২ জন বাংলাদেশি নিহত এবং ৭ জন আহত হয়েছেন।
পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে সোমবার দুপুরে পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ, বেসামরিক বিমান চলাচল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, মধ্যপ্রাচ্যে বাংলাদেশের দূতাবাসগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। যেসব প্রবাসীর ভিসা সংক্রান্ত বা অন্যান্য জটিলতা রয়েছে, সেগুলো সমাধানে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই সরকারের কূটনৈতিক অগ্রাধিকার। প্রবাসীদের স্বার্থ রক্ষায় সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।


