‘চাঁদাবাজি-ছিনতাইয়ে জিরো টলারেন্স’—মাঠপর্যায়ের পুলিশকে কড়া বার্তা আইজিপির

নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির চাঁদাবাজি, ছিনতাই ও মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করার কড়া বার্তা দেন।

সোমবার (২ মার্চ) সকালে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনলাইন প্ল্যাটফর্মে সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।

আইজিপি বলেন, মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি বন্ধে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও তৎপরতা বাড়াতে হবে। আসন্ন ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। যানজট নিরসন এবং যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো ও নির্বিঘ্নে ফেরার বিষয়েও গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, যাতে তারা হাসিমুখে ফিরতে পারেন। নিরপরাধ কাউকে কোনোভাবেই হয়রানি করা যাবে না বলেও স্পষ্ট নির্দেশ দেন পুলিশপ্রধান।

ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে জেলা পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানান আইজিপি। সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।