ঈদের আগেই বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে সরকারি সম্মানি ভাতা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ জানিয়েছেন, ঈদুল ফিতরের আগেই দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে সম্মানি ভাতা প্রদান করা হবে।

সোমবার (২ মার্চ) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ঈদের আগে দেশের ৪ হাজার ৯০৮টি মসজিদে সম্মানি ভাতা দেওয়া হবে। এছাড়া ৯৯০টি মন্দির, ৭২টি বৌদ্ধ বিহার ও ১৯৮টি গির্জায়ও এ ভাতা প্রদান করা হবে।

তিনি জানান, তারেক রহমান–এর নেতৃত্বে সরকার গঠনের পর নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ইশতেহার অনুযায়ী মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব ও খাদেমদের সম্মানি ভাতা দেওয়ার ঘোষণা ছিল। একইভাবে মন্দির, প্যাগোডা ও গির্জার ধর্মীয় ব্যক্তিদেরও এ ভাতার আওতায় আনা হবে।

তিনি বলেন, প্রথম পর্যায়ে একটি পাইলট স্কিম চালু করা হবে। এতে আগামী জুন পর্যন্ত প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একটি করে মসজিদে খতিবকে তিন হাজার টাকা, ইমামকে পাঁচ হাজার টাকা এবং খাদেমকে দুই হাজার টাকা করে মাসিক সম্মানি ভাতা দেওয়া হবে। পাশাপাশি ঈদের সময় প্রতিজনকে এক হাজার টাকা করে বোনাস দেওয়া হবে, যা প্রতি মসজিদে মোট তিন হাজার টাকা হিসেবে প্রদান করা হবে।

পাইলট প্রকল্পে ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে প্রায় ৪ হাজার ৯০০টি মসজিদ অন্তর্ভুক্ত থাকবে। একই সঙ্গে ৯৯০টি মন্দির, ৭২টি বৌদ্ধ বিহার ও ১৯৮টি গির্জায় ঈদ বোনাস প্রদান করা হবে।

উপদেষ্টা জানান, পর্যায়ক্রমে আগামী চার বছরের মধ্যে সারা দেশের প্রায় সাড়ে তিন লাখ মসজিদ এবং প্রায় ৪৪ হাজার মন্দির, প্যাগোডা ও গির্জাকে এই কর্মসূচির আওতায় আনা হবে।