সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে ভূমি অফিস খোলা থাকার কথা থাকলেও নির্ধারিত সময়ে কাউকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।
বুধবার (৪ মার্চ) সকাল ৯টার আগেই নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত স্থানীয় ভূমি কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান তিনি। তবে সেখানে গিয়ে দেখেন, অফিস তালাবদ্ধ এবং কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত নেই।
প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর এক ব্যক্তি এসে কার্যালয়ের তালা খুলে দেন। এরপর প্রতিমন্ত্রী ভেতরে প্রবেশ করলেও তখনো কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত হননি।
অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “এটা র্যান্ডমভাবে নির্বাচিত অফিস। কর্মকর্তারা এলে তাদের কাগজপত্র, সেবার মান এবং কতগুলো আবেদন ঝুলে আছে—সব আমরা পর্যবেক্ষণ করব।”
তিনি আরও বলেন, “৯টা ১০ মিনিট পর্যন্ত কেউ আসেননি, যদিও অফিস খোলার সময় সকাল ৯টা। এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
দুর্নীতিবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, সরকারপ্রধান তারেক রহমান–এর নেতৃত্বে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। প্রান্তিক পর্যায়ে জনগণের প্রাপ্য সেবা নিশ্চিত করতেই এ ধরনের আকস্মিক পরিদর্শন পরিচালনা করা হচ্ছে।
তিনি জানান, অফিসিয়াল প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আইন ও বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সারাদেশে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


