আনসার-ভিডিপির পেশাদারিত্বের প্রশংসা, মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (৪ মার্চ) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার ও ভিডিপি–এর দেশপ্রেম, পেশাদারিত্ব ও নিরলস দায়িত্বপালনের ভূয়সী প্রশংসা করেন। দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনাও দেন তিনি।

সাক্ষাতে আনসার ও ভিডিপির চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। এ উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশ্বস্ত করেন তিনি। পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।