আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিবর্তনের চেয়ে মানসিক পরিবর্তনে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৪ মার্চ) সকালে ডিএমপি সদর দফতর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শুধু পোশাক বদলালেই মানসিকতার পরিবর্তন হয় না। এ কারণে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠাই সরকারের প্রধান অগ্রাধিকার।
তিনি জানান, জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রাখা সরকারের মূল লক্ষ্য। খুব শিগগিরই রাজধানী ঢাকা থেকে চাঁদাবাজদের একটি তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতের মতো তাবেদারি নয়—পুলিশকে জনবান্ধব বাহিনীতে পরিণত করা হবে। ব্যক্তিকেন্দ্রিক কোনো পুলিশিং চলবে না; পুলিশ আইনের গতিতেই পরিচালিত হবে।
মন্ত্রী আরও বলেন, যারা অস্ত্রধারী ও দাগি আসামি, তাদের আইনের আওতায় আনা হবে। ফ্যাসিবাদী রেজিমের কারণে কিছু মানুষ ভুক্তভোগী হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার চেইন অব কমান্ড মেনে প্রশাসন পরিচালনা করতে চায়। কোনো থানার ওসি সরাসরি মন্ত্রীকে ফোন করলে তা শৃঙ্খলা ভঙ্গ হিসেবে বিবেচিত হবে।
রাজধানীর যানজট নিরসনে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া হাদি হত্যাকাণ্ডের তদন্ত চলমান রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


