খিলগাঁওয়ে স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরি, লুট প্রায় ১০০ ভরি স্বর্ণ

রাজধানীর খিলগাঁও এলাকায় একটি স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকান থেকে প্রায় ১০০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপার অলঙ্কার নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকার একটি ভবনের নিচতলায় দোকানটি অবস্থিত। ধারণা করা হচ্ছে, বুধবার রাতে কোনো একসময় চুরির ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার সকালে দোকান মালিক বিষয়টি পুলিশকে অবহিত করেন।

ওসি মো. শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে দোকান থেকে প্রায় ১০০ ভরি স্বর্ণালঙ্কার এবং ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে। তবে তদন্ত শেষে চুরি হওয়া অলঙ্কারের সঠিক পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো কোনো সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে আসেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ শুরু হয়েছে। পাশাপাশি এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।