ইরানের হামলায় বাহরাইনে আহত হয়ে চিকিৎসাধীন দুই বাংলাদেশি প্রবাসীকে দেখতে হাসপাতালে গেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার।
বুধবার (৪ মার্চ) তিনি কিং হামাদ হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, সাম্প্রতিক হামলায় আহত বাংলাদেশি প্রবাসী নাজিমউদ্দিন ও কামরুল ইসলাম বর্তমানে কিং হামাদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাহরাইন ডিফেন্স ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তাদের দেখতে যান।
এ সময় রাষ্ট্রদূত আহতদের চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। তিনি চিকিৎসা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন এবং আহত দুই প্রবাসীর দ্রুত সুস্থতা কামনা করেন।


