ঈদুল ফিতরে সরকারি ছুটি বাড়িয়ে ৭ দিন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি আরও একদিন বাড়িয়ে মোট সাত দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মানুষের ঈদযাত্রা সহজ ও নির্বিঘ্ন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে তারেক রহমান-এর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে ববি হাজ্জাজ সাংবাদিকদের জানান, ঈদে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ১৮ মার্চ অতিরিক্ত একদিন ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে আগামী ১৬ মার্চ অফিস করার পর থেকেই সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু হবে। কারণ ১৭ মার্চ (মঙ্গলবার) রয়েছে শবে কদর-এর সরকারি ছুটি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগে থেকেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন ১৮ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি থাকবে। এর সঙ্গে ১৭ মার্চের শবে কদর-এর ছুটি যুক্ত হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন।