ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট বাস কোম্পানির রুট পারমিট বাতিল করা হবে বলে সতর্ক করেছেন সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (৫ মার্চ) ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে গৃহীত প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। রাজধানীর সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ঈদের সময় পরিবহন ভাড়া বাড়ার বিষয়টি তুলে ধরা হলে মন্ত্রী বলেন, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকাও বেশি নেওয়া হলে তা জানাতে অনুরোধ করেন তিনি। অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

সভায় উপস্থিত পরিবহন মালিকরা ঈদের সময় বাড়তি ভাড়া না নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও উল্লেখ করেন মন্ত্রী।

এসি বাসের ভাড়া নির্ধারণ না থাকায় অনেক সময় বেশি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে— এ বিষয়ে মন্ত্রী বলেন, কোনো বাসই ইচ্ছামতো ভাড়া নিতে পারে না। যাত্রীদের উচিত নির্ধারিত ভাড়া অনুমোদিত কি না তা যাচাই করা।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে— এমন প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, যদি কোনো পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করে, তাহলে তাদের রুট পারমিট বাতিল করা হবে। এছাড়া এ ঘটনায় ফৌজদারি অপরাধের বিষয় থাকলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।