নবনির্বাচিত সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে দক্ষ করে তুলতে দুই দিনের কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার রাজধানীর গুলশান এলাকায় দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন তারেক রহমান।
এই কর্মশালার মাধ্যমে নতুন সংসদ সদস্যদের সংসদ পরিচালনার বিভিন্ন দিক— যেমন বিল প্রণয়ন, বাজেট প্রক্রিয়া, স্থায়ী কমিটির কার্যক্রম এবং সংসদীয় রীতিনীতি সম্পর্কে ধারণা দেওয়া হবে।
কর্মশালায় সাবেক আমলা, শিক্ষাবিদ ও সাবেক সংসদ সদস্যরা অংশ নিয়ে নবনির্বাচিত এমপিদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিকনির্দেশনা দেবেন। পাশাপাশি মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সংসদীয় রেওয়াজ, মন্ত্রণালয় পরিচালনা এবং নীতিনির্ধারণী কাজে কৌশলগত ভূমিকা কীভাবে কার্যকরভাবে পালন করা যায়— সে বিষয়েও আলোচনা হবে।
আগামী ১২ মার্চ শুরু হতে যাচ্ছে জাতীয় সংসদ-এর ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। সেই অধিবেশনকে সামনে রেখেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
প্রথম দিনের কর্মশালার প্রথম সেশনে অংশ নেবেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা। দ্বিতীয় সেশনে রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের কিছু সংসদ সদস্য অংশ নেবেন। শনিবার দুই ধাপে বাকি সংসদ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে।


